শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে রাজধানী নয়াদিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন ৭৯ বছর বয়সী এই রাজ্যসভার সদস্য।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছোট পরিসরের একটি অস্ত্রোপচারের জন্য তাকে গুরুগ্রামের ‘মেদান্তা-দ্য মেডিসিটি’ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চলছে।

এর আগে গত মার্চে তীব্র জ্বর নিয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। সে সময় পরীক্ষায় তার শরীরে সিস্টেমিক ইনফেকশন ধরা পড়ে এবং অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। পরে কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণেও রাখা হয়েছিল তাকে।

এছাড়া এর আগেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল কংগ্রেস নেত্রীকে। তখন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলেছিল।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, দীর্ঘদিন ধরে কাশিজনিত সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও