বুধবার, ১০ জুন ২০২৬

কর্ণফুলীতে পশুর হাট নিয়ে ইজারাদারদের দ্বন্দ্ব, বাড়ছে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাত্র ৩ কিলোমিটার এলাকার মধ্যে চারটি কোরবানির পশুর হাটের অনুমোদনকে কেন্দ্র করে ইজারাদারদের দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে ফকিরন্নিরহাটে প্রথমবারের মতো টানা পাঁচ দিন অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি ঘিরে এলাকায় উত্তেজনা বাড়ছে।

- Advertisement -

স্থানীয় সূত্র জানায়, উপজেলার মইজ্জারটেক থেকে ফাজিল খাঁরহাট পর্যন্ত এলাকায় দীর্ঘদিন ধরে চারটি পশুর হাট বসে আসছে। এগুলো হলো— মইজ্জারটেক পশু বাজার, কলেজ বাজার, ফকিরন্নিরহাট এবং ফাজিল খাঁরহাট পশুর বাজার।

এর মধ্যে মইজ্জারটেক পশু বাজার পরিচালনা করেন মো. আলমগীর হোসেন, কলেজ বাজারের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ জসিম, ফাজিল খাঁরহাট পরিচালনা করেন শাহেদুল আলম টিটু এবং ফকিরন্নিরহাট অস্থায়ী গরুর বাজার পরিচালনা করছেন মোহাম্মদ রাজু আহমেদ।

চারটি বাজারের মধ্যে মইজ্জারটেক পশু বাজার সবচেয়ে বড় এবং সেখানে সপ্তাহে সাত দিন পশু বেচাকেনা হয়। অন্যদিকে বাকি তিনটি বাজার সপ্তাহে দুই দিন করে বসে।

তবে এবার প্রথমবারের মতো জেলা প্রশাসনের কাছ থেকে কোরবানির আগে টানা পাঁচ দিন বাজার বসানোর অনুমতি পেয়েছে ফকিরন্নিরহাট বাজার কর্তৃপক্ষ। শুরুতে বাজার ইজারাদার রাজু আহমেদ তিন দিনের অনুমতি চেয়েছিলেন।

জেলা প্রশাসন প্রথমে ২০ মে, ২৪ মে ও ২৭ মে বাজার বসানোর অনুমতি দিয়ে চিঠি ইস্যু করে। পরে আরেকটি চিঠিতে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত টানা পাঁচ দিন বাজার পরিচালনার অনুমতি দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর থেকেই অন্য বাজার ইজারাদারদের সঙ্গে বিরোধ তীব্র আকার ধারণ করে।

ফকিরন্নিরহাট বাজারের ইজারাদার রাজু আহমেদের বিরুদ্ধে একজোট হয়েছেন বাকি তিন ইজারাদার। অভিযোগ রয়েছে, উভয়পক্ষই প্রতিদিন লোকজন জড়ো করে মহড়া দিচ্ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

স্থানীয়দের দাবি, কোরবানির পশু বিক্রির মৌসুমে হাসিল আদায়কে কেন্দ্র করেই মূলত বাজারগুলোর ইজারা নেওয়া হয়। আর এই অর্থনৈতিক স্বার্থের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদেরও সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

তাদের মতে, ফকিরন্নিরহাটে টানা পাঁচ দিন বাজার বসলে আশপাশের অন্য তিনটি বাজারের ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এ কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, “ফকিরন্নিরহাট সপ্তাহে দুই দিনের পরিবর্তে পাঁচ দিনের জন্য অনুমোদন পেয়েছে। এ ধরনের অনুমতি দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসকের রয়েছে। প্রয়োজন মনে করলে তিনি সময়ও বাড়াতে পারেন।”

সর্বশেষ

এই বিভাগের আরও