বুধবার, ১০ জুন ২০২৬

‘একদলীয় সংসদ এখনো বহাল’—রুমিন ফারহানা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে তিনি ছাড়া আর কোনো সদস্য কথা বলেননি।

- Advertisement -

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইন্টারন্যাশনাল জুরিস্টস ফোরাম ফর হিউম্যান রাইটসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম হায়দার পাটোয়ারী।

রুমিন ফারহানা বলেন, দেশে দীর্ঘদিন ধরে একদলীয় শাসনের ধারাবাহিকতা চলছে। তার ভাষায়, আগে বিএনপি-জামায়াতকে বাইরে রেখে সংসদ পরিচালিত হয়েছে, আর এখন আওয়ামী লীগ ও বাম দলগুলোকে বাইরে রেখে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, “আমি আগেও একদলীয় সংসদ দেখেছি, এখনো একই ধরনের সংসদ দেখছি।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির প্রসঙ্গ তুলে তিনি জানান, জাতীয় গুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনার জন্য স্পিকারের কাছে নোটিশ দিতে ন্যূনতম পাঁচজন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হলেও তিনি সেই সমর্থন পাননি। ফলে তাকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করতে হয়েছে।

রুমিন আরও অভিযোগ করেন, হামের প্রকোপ নিয়ে প্রশ্ন তোলার সময় তাকে নিরুৎসাহিত করা হয়েছিল। একই সঙ্গে জ্বালানির দাম বাড়ানোর আগে তেলের সংকট তৈরি এবং পরে হঠাৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, তথ্য গোপন করে সরকার জনগণের কাছ থেকে বাস্তবতা আড়াল করতে পারবে না। বর্তমান সময়ে মানুষের হাতে হাতে মোবাইল ফোন থাকায় বিশ্ব পরিস্থিতি মুহূর্তেই জানা সম্ভব।

সর্বশেষ

এই বিভাগের আরও