সিলেট নগরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর এক সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) দুপুর সোয়া ১২টার দিকে কোতোয়ালি মডেল থানা-র পাশের এলাকায় এ ঘটনা ঘটে।
খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, অভিযুক্ত আসাদুল আলম বাপ্পীকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক সেবন ও বিক্রি করছিল। স্থানীয়ভাবে তারা ছিনতাইকারী হিসেবেও পরিচিত। এ সময় পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
পালানোর সময় আসাদুল আলম বাপ্পী তোপখানা এলাকার দিকে দৌড় দেয়। ওই সময় সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে পায়চারি করছিলেন র্যাব সদস্য ইমন আচার্য। তিনি বাপ্পীকে আটকানোর চেষ্টা করলে অভিযুক্ত তার বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে বেলা দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, ছুরিকাঘাতের পর পালানোর সময় আসাদুল একটি বাসায় ঢুকে এক শিশুর গলায় ছুরি ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ কৌশলে তাকে আটক করে এবং তার কাছ থেকে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়।

