ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহারের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠককালে তিনি এ চেক হস্তান্তর করেন। এর আগে সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসা থেকে হেঁটে দলীয় কার্যালয়ে যান তিনি।
বৈঠকে ঈদুল আজহাকে সামনে রেখে নগরবাসীর ভোগান্তি কমাতে পরিচ্ছন্নতা কার্যক্রম ও নাগরিকসেবা জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ, সড়ক পরিষ্কার রাখা এবং নগর ব্যবস্থাপনা সচল রাখতে প্রশাসকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ঈদের সময় নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে সিটি করপোরেশনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিচ্ছন্নতা কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, শফিকুল ইসলাম মিল্টন, ডা. শাহাদাৎ হোসেন, বিলকিস আক্তার জাহান শিরিন, মো. রুকুনোজ্জামান রোকন, নজরুল ইসলাম মঞ্জু, মো. শওকত হোসেন সরকার, মো. ইউসুফ মোল্লা টিপু, এম আর ইসলাম স্বাধীন এবং মাহফুজ উন নবী চৌধুরী (ডন)সহ বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধিরা।

