রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিএমপি’র প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য, অস্ত্রসহ গ্রেফতার বড় সাজ্জাদ বাহিনীর দুই সহযোগী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ০২টি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড তাজা গুলি ও শর্টগানের কার্তুজসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হান বাহিনীর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

আজ অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সিএমপি এ তথ্য জানায়। ব্রিফিংয়ে জানানো হয়, পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় ডিবি (উত্তর) বিভাগের একটি চৌকস টিম গত ২২ মে রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা গোলাম আলী নাজির সড়কের একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন রাউজান উপজেলার আধার মানিক এলাকার মোঃ শুভ (২২) এবং কদলপুর শমসের পাড়া এলাকার মোঃ সুমন (৩৩)।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে থাকার বিষয়টি স্বীকার করে।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে শুভর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এছাড়া সুমনের কাছ থেকে আরও একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের একটিতে “MADE IN USA” এবং অন্যটিতে “MADE IN USA” ও “CHINA” লেখা রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো।

প্রাথমিক তদন্তে ডিবি পুলিশ জানতে পেরেছে, চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে চাঁদার দাবিতে একাধিকবার গুলিবর্ষণের ঘটনায় এবং বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় যুবক রাজু হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় চান্দগাঁও থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত শুভ ও সুমনের বিরুদ্ধে রাউজান থানায় পৃথক দুটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও