জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তীর তিন দিনের জাতীয় অনুষ্ঠান উদ্বোধনের পর তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, ২০২৬ সালের ২৩ মে থেকে ২০২৭ সালের ২৩ মে পর্যন্ত সময়কাল ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করা হবে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ত্রিশালে আয়োজিত ‘নজরুল মেলা’ পরিদর্শন করেন। জাতীয় কবির বাল্যস্মৃতিবিজড়িত এলাকায় আয়োজিত এ মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।
এ সময় কবির জীবন ও কর্মভিত্তিক ‘দ্রোহের কবি, প্রাণের কবি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনের এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়।
ত্রিশাল সফরকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন।

