যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে বন্দুকধারীর গুলিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাল্টা গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস।
শনিবার (২৩ মে) স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটনের ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন। তবে নিরাপত্তার আওতায় থাকা কোনো ব্যক্তি বা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়নি বলে নিশ্চিত করেছে সিক্রেট সার্ভিস।
সিক্রেট সার্ভিসের বরাতে জানা গেছে, এক ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি ছুড়তে শুরু করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালান। এতে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত সন্দেহভাজনের নাম নাসেয়ার বেস্ট (২১)। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করায় তাকে আটক করা হয়েছিল। পরে মানসিক স্বাস্থ্যজনিত কারণে তাকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।
ঘটনার সময় হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকরা টানা গুলির শব্দ শুনতে পান। পরে সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত সাংবাদিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পুরো হোয়াইট হাউস এলাকায় লকডাউন জারি করা হয়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে লকডাউন তুলে নেওয়া হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছিলেন। ঘটনাস্থলে ১৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
ঘটনার কারণ ও হামলাকারীর উদ্দেশ্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।

