রবিবার, ৩১ মে ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ—বাংলাদেশ ব্যাংকে জমা চিঠি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) তিনি বাংলাদেশ ব্যাংক–এর কাছে পদত্যাগপত্র জমা দেন।

- Advertisement -

২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক তাকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন শুরু করেন। সে সময় গভর্নর ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এবং গভর্নর হিসেবে মোস্তাকুর রহমান যোগদানের পর ইসলামী ব্যাংককে ঘিরে বিভিন্ন সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংক ও ইসলামী ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়।

এর মধ্যে অনলাইনে সভায় যুক্ত থাকার শর্তে দেড় মাসের ছুটিতে দেশের বাইরে যান চেয়ারম্যান এম জুবায়দুর রহমান। একই সঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকেও ছুটিতে পাঠানো হয়। গত ১২ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় তাদের ছুটি অনুমোদন করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, রোববার ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছিল। তবে সভার আগে কিছু গ্রাহক ও কর্মকর্তা প্রধান কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। তারা এমডি ওমর ফারুক খানকে পদত্যাগ না করার আহ্বান জানান এবং চেয়ারম্যান এম জুবায়দুর রহমানের পদত্যাগ দাবি করেন।

এমন পরিস্থিতিতে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এম জুবায়দুর রহমান। এদিকে ছুটিতে থাকা এমডি ওমর ফারুক খানও পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে। তবে পর্ষদের সভা বাতিল হওয়ায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে এম জুবায়দুর রহমান ও ওমর ফারুক খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক তাদের সরিয়ে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেয়।

ব্যাংকটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে ইসলামী ব্যাংকের মুনাফা ছিল প্রায় ৪৪৭ কোটি টাকা। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ১৩৭ কোটি টাকায়। একই সময়ে খেলাপি ঋণের হার ৪ দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে ৪৯ শতাংশে পৌঁছেছে। বর্তমানে ব্যাংকটির ৯২ হাজার কোটি টাকার বেশি ঋণ খেলাপি অবস্থায় রয়েছে।

এ ছাড়া ব্যাংকটির শেয়ার মালিকানায় বিদেশি বিনিয়োগকারীদের অংশীদারিত্ব ৬৩ শতাংশ থেকে কমে ২০২৬ সালের মার্চে ১৭ দশমিক ৯১ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে প্রায় ৮২ শতাংশ শেয়ারের সঙ্গে এস আলম গ্রুপের সংশ্লিষ্টতা থাকায় সেগুলো জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ

এই বিভাগের আরও