ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে যমুনা সেতু সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকটিতে যাত্রীও বহন করা হচ্ছিল। ভোরে কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশের গভীর খাদে উল্টে পড়ে।
ট্রাকে থাকা ভারী রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৯ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব বলেন, রডবোঝাই ট্রাকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

