চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর জন্য সমন্বিত প্রশিক্ষণকেন্দ্র বা ‘হাব’ গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক, তা নির্মূল করা হবে। দেশে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না।”
তিনি বলেন, জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে কার্যত ‘রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্রে’ পরিণত হয়েছিল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং দাগি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ জানান, এলাকাটিতে পুলিশ ও র্যাবের অ্যাকাডেমি, স্পোর্টস কমপ্লেক্স, বিজিবি ও এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর জন্য একটি সমন্বিত প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম কারাগারও সেখানে স্থানান্তরের চিন্তাভাবনা করা হচ্ছে।
র্যাব ও পুলিশের ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা আমরা গভীরভাবে দেখছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সময় হলে তা দৃশ্যমান হবে।”
তিনি আরও বলেন, গত ১৭ বছরে দেশে আইনের শাসনের ঘাটতি ছিল এবং দুর্বৃত্তায়ন মহামারির মতো ছড়িয়ে পড়েছিল। এখন সরকার কঠোর অবস্থানে রয়েছে।
বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যা জাতীয় উদ্বেগের কারণ হতে পারে। সীমান্তে ছোটখাটো ঘটনা হলে তা ফ্ল্যাগ মিটিং ও আলোচনার মাধ্যমে সমাধান করা হচ্ছে।
তিনি জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা নজরে এলেও বিজিবি মহাপরিচালক ও সীমান্তে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেগুলোর জবাব দিয়েছেন।

