রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দেড় কোটি মানুষের ঈদযাত্রা সামাল দিতে সক্ষম হয়েছি: পরিবহনমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেড় কোটি মানুষের ঈদযাত্রা, প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহন এবং সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত চাপের মধ্যেও সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

- Advertisement -

বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “নির্ধারিত ভাড়ায় ও শৃঙ্খলার সঙ্গে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন। নানা চ্যালেঞ্জ থাকলেও আমরা একটি ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি।”

তিনি জানান, সরকার সার্বক্ষণিকভাবে ঈদযাত্রা মনিটরিং করছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু যানজট বা ধীরগতি থাকলেও সেটিকে স্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, “সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় সেখানে গতি কমে যাচ্ছে। তবে ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই।”

মন্ত্রী আরও বলেন, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত ভাড়ায় মানুষ বাড়ি ফিরছেন।

তিনি বলেন, “দুই-তিন দিনের মধ্যে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়ছে। একইসঙ্গে প্রায় ৮০ লাখ কোরবানির পশুও পরিবহন করতে হচ্ছে। পরিবহন খাতের শতভাগ সক্ষমতা ব্যবহার করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।”

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, বাস কাউন্টার ও টার্মিনালের বাইরে কিছু অসাধু ব্যক্তি বেশি ভাড়া আদায়ের চেষ্টা করছে। অভিযোগ পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে।

রেলপথে নারীদের জন্য বিশেষ কোচ সংযোজনের বিষয়ে তিনি জানান, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটের তিনটি আন্তঃনগর ট্রেনে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে।

মন্ত্রী বলেন, “সব ট্রেনে এখনই এ ব্যবস্থা সম্ভব হয়নি। কারণ অধিকাংশ টিকিট আগেই বিক্রি হয়ে গেছে এবং পর্যাপ্ত কোচও হাতে নেই। তবে ঈদ উপলক্ষে অতিরিক্ত ৫১টি কোচ যুক্ত করা হয়েছে।”

উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, “মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানোর সিদ্ধান্ত ছিল না। যারা ইজারা দিয়েছে, দায় তাদের।”

সর্বশেষ

এই বিভাগের আরও