শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না অ্যালবিনো জাতের আলোচিত ও ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে। দর্শনার্থীদের জন্য প্রদর্শনীর উদ্দেশ্যে তাকে রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা-এ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (২৭ মে) জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে চিড়িয়াখানায় আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর জন্য একটি বিশেষ শেডও প্রস্তুত করা হয়েছে। মহিষটিকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানান তিনি।
এদিকে মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় আগের ক্রেতাকে টাকা ফেরত দেওয়া হয়েছে। কেরানীগঞ্জের এক ব্যক্তি কোরবানির জন্য মহিষটি কিনলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
খামার সূত্র জানায়, অ্যালবিনো জাতের হওয়ায় সাদা রঙের এই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। ব্যতিক্রমী গঠন ও রঙের কারণে ঈদ সামনে রেখে ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে প্রতিদিন ভিড় করছিল উৎসুক মানুষ।
বর্তমানে মহিষটিকে আগের মতোই খামারে পরিচর্যা করা হচ্ছে। খুব শিগগিরই সেটিকে চিড়িয়াখানায় নেওয়া হবে বলে জানা গেছে।

