বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশের ঈদগাহ ও মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

- Advertisement -

নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় শুরু হয় পশু কোরবানির কার্যক্রম। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পশু জবাই, মাংস প্রস্তুত ও বণ্টনে ব্যস্ত সময় পার করতে দেখা যায় নগরবাসীকে। একই চিত্র দেখা গেছে দেশের জেলা ও উপজেলা পর্যায়েও।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক বাণীতে তিনি কোরবানির আনন্দ দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষাই কোরবানির প্রকৃত মাহাত্ম্য ও তাৎপর্য বহন করে।

এদিকে ঈদের দিনেও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে মেতে উঠেছেন মানুষ।

সর্বশেষ

এই বিভাগের আরও