রবিবার, ৩১ মে ২০২৬

জনপ্রিয়তা কমার পেছনে পাকিস্তানের ‘বট বাহিনী’কে দায়ী করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলবিরোধী জনমত তৈরিতে পাকিস্তান ‘বট ফার্ম’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনেও তিনি এসব কার্যক্রমকে দায়ী করেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৮ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিসি নিউজ–এর জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটকে দুর্বল করতে চায়, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ব্যবহার করে জনমত প্রভাবিত করছে। তিনি দাবি করেন, পাকিস্তান এ ধরনের কার্যক্রমে জড়িত।

এসময় তিনি ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়েও কথা বলেন। নেতানিয়াহু বলেন, ভারতের ১৪০ কোটির বেশি মানুষের মধ্যে ইসরায়েল অত্যন্ত জনপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–কে ইসরায়েলে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, স্ত্রীকে নিয়ে ভারতে সফরের সময় সেটি ছিল “ভালোবাসার এক উৎসব”। ২০১৮ সালের ভারত সফরের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি।

এদিকে সাম্প্রতিক জরিপে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে যাওয়ার তথ্য উঠে এসেছে। পিও রিচার্জ সেন্টার–এর এপ্রিল মাসের এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। গত বছর এ হার ছিল ৫৩ শতাংশ।

একই জরিপে আরও দেখা যায়, ৫৯ শতাংশ মার্কিন নাগরিক বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে নেতানিয়াহুর ওপর খুব কম আস্থা রাখেন অথবা একেবারেই আস্থা রাখেন না।

নেতানিয়াহু দাবি করেন, বিশ্বের অনেক জায়গায় ইসরায়েলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলেও ভারতে দেশটির প্রতি সমর্থন এখনো “অবিশ্বাস্য রকমের” রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও