রবিবার, ৩১ মে ২০২৬

জঙ্গল সলিমপুর পরিদর্শনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

রোববার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আলীনগর-জঙ্গল সলিমপুর এলাকা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ আশ্রয়স্থল থাকবে না। এই এলাকায় সন্ত্রাসীদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।”

তিনি জানান, জঙ্গল সলিমপুরের আশপাশের বেতুয়া ও চা-বাগান টিলা এলাকাতেও সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পেয়েছে সরকার। সেখান থেকেও তাদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে সাঁড়াশি ও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধ নির্মূলে সরকার আইনি সংস্কারের উদ্যোগও নিয়েছে।

তিনি বলেন, “১৮৬৭ সালের জুয়া আইন দিয়ে বর্তমান সময়ের অনলাইন ও আধুনিক জুয়ার কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তাই নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী সংসদ অধিবেশনে উপস্থাপনের চেষ্টা করা হবে।”

মাদক নিয়ন্ত্রণ আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশে হাজার হাজার মাদক মামলা বছরের পর বছর ঝুলে আছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলে এসব মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।

কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, আইনের কিছু সীমাবদ্ধতার সুযোগ নিয়ে অনেক কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের মধ্যে কেউ কেউ ভয়ংকর সন্ত্রাসীতে পরিণত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কিশোর অপরাধসংক্রান্ত আইনেও প্রয়োজনীয় সংস্কার আনার উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও