দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো অপচেষ্টা রুখে দিতে জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “একটি মহল দেশকে অশান্ত করতে চায়। সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই তারা পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে। একইসঙ্গে নিজ নিজ এলাকার উন্নয়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের কাছে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। নির্বাচনের আগে ঘোষিত অঙ্গীকারগুলোর মধ্যে নতুন উপজেলা উদ্বোধন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ, মেডিকেল কলেজের অনুমোদন এবং বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের ভোট ও সমর্থনের কারণেই এসব কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।”
তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, মাদকাসক্তি থেকে দূরে থেকে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়াকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্জন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।

