বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, পুঁজিবাজার সংস্কারে নতুন অধ্যায়

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান।

- Advertisement -

বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মাসুদ খান দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯ সালের এপ্রিল থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান উপদেষ্টা হিসেবেও যুক্ত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেন। একই দিনে কমিশনের চার কমিশনারও দায়িত্ব থেকে ইস্তফা দেন। এরপরই নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খানের নিয়োগের ঘোষণা আসে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধনী) বিল-২০২৬ পাস হয়। এর মাধ্যমে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছরের বয়সসীমা বাতিল করা হয়, যাতে অভিজ্ঞ পেশাজীবীদের নিয়োগের সুযোগ তৈরি হয়।

এই আইন সংশোধনের পর থেকেই ৭০ বছরের বেশি বয়সী এবং করপোরেট জগতে সুপরিচিত ব্যক্তিত্ব মাসুদ খানের নাম সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় আসে। অবশেষে তাকে নিয়োগ দিয়ে পুঁজিবাজার সংস্কারের নতুন উদ্যোগের সূচনা করল সরকার।

সর্বশেষ

এই বিভাগের আরও