ঈদুল আজহার ছুটির সময় সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরির ঘটনায় রঞ্জন চন্দ্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মো. মুসলেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, চুরির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করা হয় এবং রঞ্জন চন্দ্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি জানান, ঢাকার ৫৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৭০টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার হওয়ায় সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।
তিনি আরও বলেন, রাজধানীতে পর্যায়ক্রমে আরও আধুনিক এআই ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি নাগরিকদের জন্য থানাগুলোকে আরও সেবাবান্ধব ও জনমুখী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনারের মতে, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থার সম্প্রসারণ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার মাধ্যমে রাজধানীর নিরাপত্তা ও সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।

