রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ জারি করা হয়।
নোটিশে বলা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ, রোগীর স্বজন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বক্তব্য গ্রহণ করে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে।
তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, হাসপাতালটি ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিভিন্ন বিধান যথাযথভাবে অনুসরণ করেনি। কমিটির পর্যবেক্ষণে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই নবজাতকদের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।
এ প্রেক্ষিতে হাসপাতালটির মালিক ডা. শেখ মহিউদ্দিনকে আগামী ৭ জুন বিকেল ৪টার মধ্যে সশরীরে অথবা লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে আইন অনুযায়ী হাসপাতালের লাইসেন্স বাতিলের পদক্ষেপ নেওয়া হবে।
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ নির্ণয় ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

