শুক্রবার, ২৬ জুন ২০২৬

নিম্নআয়ের গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ছে না, জানালেন তথ্যমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বিদ্যুতের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত হলেও দেশের ৬৫ শতাংশ সাধারণ ও নিম্নআয়ের গ্রাহককে এর আওতার বাইরে রাখা হয়েছে।

- Advertisement -

শনিবার (৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান হিসেবে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিদ্যুতের মূল্য সমন্বয় করেছে। তবে সরকারের লক্ষ্য ছিল প্রান্তিক ও নিম্নআয়ের মানুষকে অতিরিক্ত আর্থিক চাপ থেকে সুরক্ষা দেওয়া। ফলে অধিকাংশ সাধারণ গ্রাহক এই মূল্যবৃদ্ধির প্রভাব থেকে মুক্ত থাকবেন।

তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারের বাস্তবতা মেনে চলতে হচ্ছে। অতীতে নিজস্ব জ্বালানি সম্পদ ব্যবহারে সঠিক পরিকল্পনার অভাব এবং দীর্ঘদিনের অনিয়মের কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির পটভূমি এবং সরকারের অবস্থান তুলে ধরেন।

জহির উদ্দিন স্বপন বলেন, বিদ্যুৎ খাতে সরকারকে এখনো প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। একই সঙ্গে খেলাপি ঋণ, অর্থপাচার ও অনানুষ্ঠানিক অর্থনীতির প্রভাবও খাতটির ওপর চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংস্কার ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। পাশাপাশি জনগণকে নিয়মিত তথ্য জানাতে এবং গণমাধ্যমের সঙ্গে স্বচ্ছ যোগাযোগ বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ

এই বিভাগের আরও