বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঈদযাত্রায় ৪৪২ দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ১৩৪০

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ১ হাজার ৩৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

- Advertisement -

রোববার (৭ জুন) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

সমিতির প্রতিবেদনে বলা হয়, ২১ মে থেকে ৪ জুন পর্যন্ত সময়ে সড়কপথে ৩৯৪টি দুর্ঘটনায় ৪০২ জন নিহত ও ১ হাজার ২৯৪ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত হন। এছাড়া নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রতি বছর দুই ঈদে বিপুলসংখ্যক মানুষ রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন। তাই ঈদকেন্দ্রিক সাময়িক উদ্যোগ নয়, দুর্ঘটনা ও ভোগান্তি কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ঈদুল আজহার তুলনায় এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে ৩ দশমিক ৯৫ শতাংশ, প্রাণহানি বেড়েছে ৩ দশমিক ০৭ শতাংশ এবং আহতের সংখ্যা বেড়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ।

দুর্ঘটনার তালিকায় এবারও শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ১৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৯ জন নিহত এবং ১৮০ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৮ দশমিক ৮৩ শতাংশ।

বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে মোটরসাইকেল ২৮ দশমিক ৯০ শতাংশ, ট্রাক ও কাভার্ড ভ্যান ২১ দশমিক ৪০ শতাংশ, বাস ১৬ দশমিক ৫৬ শতাংশ, ব্যাটারিচালিত রিকশা ১২ দশমিক ৩৪ শতাংশ, কার ও মাইক্রোবাস ৭ দশমিক ৮১ শতাংশ, নছিমন-করিমন ৬ দশমিক ৫৬ শতাংশ এবং সিএনজিচালিত অটোরিকশা ৬ দশমিক ৪০ শতাংশ।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ৪৬ দশমিক ৪৪ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ২৯ দশমিক ১৮ শতাংশ ধাক্কা বা চাপা দেওয়া, ১৭ দশমিক ২৫ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া, ১ দশমিক ৫২ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষ এবং ৫ দশমিক ৫৮ শতাংশ অন্যান্য কারণে ঘটেছে।

এছাড়া মোট দুর্ঘটনার ৫০ দশমিক ৫ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০ দশমিক ৭১ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ১৪ দশমিক ৪৬ শতাংশ ফিডার সড়কে সংঘটিত হয়েছে। ঢাকা মহানগরে ২ দশমিক ৫৩ শতাংশ, চট্টগ্রাম মহানগরে শূন্য দশমিক ২৫ শতাংশ এবং রেলক্রসিংয়ে ১ দশমিক ৫২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও