মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন বৃদ্ধি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এপিএস এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়ে নতুন বেতন কাঠামোর অনুমোদন দিয়েছে। নতুন স্কেল অনুযায়ী তারা জাতীয় বেতন কাঠামোর নবম গ্রেডের অষ্টম ধাপের সমপরিমাণ বেতন পাবেন।
এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসরা নবম গ্রেডের প্রাথমিক ধাপ অনুযায়ী ২২ হাজার টাকা মূল বেতনে নিয়োগ পেতেন। তবে বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্ট যোগ করে বেতন নির্ধারণ করা হতো।
অর্থ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, নতুন নির্ধারিত ৩২ হাজার ৫৪০ টাকা মূল বেতনের সঙ্গে বিধি অনুযায়ী অন্যান্য ভাতা প্রযোজ্য হবে। তবে তারা কোনো বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট), পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিলের সুবিধা পাবেন না।
এ সিদ্ধান্ত শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের এপিএস এবং পিএসদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারি কর্মকর্তা হিসেবে এপিএস পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এ সুবিধার আওতায় থাকবেন না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এ বেতন কাঠামো চূড়ান্ত করেছে। সরকারের নতুন সিদ্ধান্তে এপিএসদের বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন এলো।

