সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের প্রতিটি নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করা। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য খাতে জনবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি শূন্য পদ পূরণে ধারাবাহিকভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ৪৫তম বিসিএসে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ পদেও নিয়োগ কার্যক্রম চলছে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যমান জনবল সংকট অনেকটাই কমে আসবে।

