২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্যের আমদানি পর্যায়ে শুল্ক ও কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে কিডনি ডায়ালাইসিস, হার্টের স্টেন্ট, চোখের লেন্স, কম্পিউটার ও প্রযুক্তিপণ্যের দাম কমতে পারে।
প্রস্তাবিত বাজেটে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম কর (এটি) সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি হেমোডায়ালাইসিসে ব্যবহৃত ব্লাড টিউবিং সেটের আমদানিতে সাড়ে ৭ শতাংশ আগাম করও অব্যাহতির প্রস্তাব রয়েছে। এতে কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
এছাড়া আমদানি করা হার্টের স্টেন্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্স সরবরাহে ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে প্রতিটি হার্টের স্টেন্টের দাম প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত এবং চোখের লেন্সের দাম প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহৃত ১৫ ধরনের পণ্যের অগ্রিম আয়কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে জুয়েলারি সেবার ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ৫০০ টাকা নির্ধারিত ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে।
ইলেকট্রিক বাস, ট্রাক এবং ইলেকট্রিক চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
প্রযুক্তিপণ্যের মধ্যে কম্পিউটার প্রিন্টার, পোর্টেবল ডাটা প্রসেসিং ডিভাইস, ফ্ল্যাশ মেমোরি ও কম্পিউটার মনিটর আমদানিতে অগ্রিম কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
স্থানীয় মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২২ ধরনের কাঁচামাল আমদানির অগ্রিম কর ১ শতাংশে নামিয়ে আনার প্রস্তাবও রয়েছে।
বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে উৎসে কর ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
এদিকে মোবাইল সংযোগের ওপর আরোপিত ৩০০ টাকার সিম কর প্রত্যাহারের প্রস্তাব করা হলেও সেবার মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট বহাল থাকবে।
ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, প্রিন্টার ও মনিটর আমদানির ক্ষেত্রে প্রায় সব ধরনের শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এছাড়া এসএসডি আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক ছাড়া অন্যান্য শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব থাকায় প্রযুক্তিপণ্যের বাজারে মূল্য কমার সম্ভাবনা দেখা দিয়েছে।

