ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অসংখ্য রেকর্ড গড়েছে ও ভেঙেছে বিভিন্ন দল। তবে উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের যে অনন্য ধারাবাহিকতা, তা আজও বিশ্ব ফুটবলে বিস্ময়ের জন্ম দেয়। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল টানা ৯২ বছর ধরে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত রয়েছে।
পরিসংখ্যান বলছে, ১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর কোনো পরাজয়ের মুখ দেখেনি সেলেসাওরা। বিশ্ব ফুটবলের অন্যতম সফল এই দলটির জন্য এটি শুধু একটি রেকর্ড নয়, বরং তাদের দীর্ঘস্থায়ী আধিপত্য ও ধারাবাহিকতার প্রতীক।
বিশ্বকাপের প্রথম আসর ১৯৩০ সালে যুগোস্লাভিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। এরপর ১৯৩৪ বিশ্বকাপে স্পেনের কাছে ৩-১ গোলে পরাজিত হয় তারা। সেই পরাজয়ের পর কেটে গেছে ৯২ বছর, কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে আর হারেনি হলুদ জার্সিধারীরা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দীর্ঘ সময় বিশ্বকাপ বন্ধ থাকলেও ব্রাজিলের এই অপরাজেয় ধারা থেমে থাকেনি। ১৯৩৮ সালের পোল্যান্ড ম্যাচ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা ২০টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত রয়েছে তারা। এর মধ্যে ১৭টি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, আর তিনটি ম্যাচ ড্র হয়েছে।
এই সময়ে উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বেশি মেক্সিকোর মুখোমুখি হয়েছে ব্রাজিল। ১৯৫০, ১৯৫৪, ১৯৬২ ও ২০১৪ সালের বিশ্বকাপে প্রথম ম্যাচেই মেক্সিকোর বিপক্ষে খেলেছিল সেলেসাওরা। চারবারের প্রতিটি লড়াইয়েই জয় তুলে নেয় ব্রাজিল। শুধু তাই নয়, মেক্সিকোর জালে মোট ১৪ গোল করলেও নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হয়েছিল তারা।
বিশ্বকাপের নতুন অভিযানে মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে এই গৌরবময় রেকর্ড আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়েই নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

