বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মরক্কোর সঙ্গে ড্র, শুরুতেই পয়েন্ট খোয়াল ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক:

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শক্ত প্রতিদ্বন্দ্বী মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের।

- Advertisement -

রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে মরক্কো। হাই প্রেসিং ফুটবল খেলতে থাকা আফ্রিকার দলটি প্রথম দিকে একাধিক আক্রমণ চালিয়ে ব্রাজিলের রক্ষণভাগকে ব্যস্ত রাখে।

তবে ধীরে ধীরে ম্যাচে ফেরে ব্রাজিল। এক পর্যায়ে কাউন্টার অ্যাটাক থেকে ভালো সুযোগ পান ইগর থিয়াগো। কিন্তু সুবিধাজনক অবস্থানে থেকেও গোল করতে ব্যর্থ হন তিনি।

ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। দুর্দান্ত এক থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করে চিপ শটে বল জালে জড়ান মরক্কোর ফরোয়ার্ড ইসমাইল সাইবারি।

গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় ব্রাজিল। এর ফলও পায় ৩২তম মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে সমতাসূচক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও আর কোনো গোলের দেখা মেলেনি। ব্রাজিল কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে মরক্কোও রক্ষণ সামলে পাল্টা আক্রমণে গোলের চেষ্টা চালায়।

শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হয়। ফলে বিশ্বকাপ মিশন ড্র দিয়ে শুরু করল ব্রাজিল, আর শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট তুলে নিল মরক্কো।

সর্বশেষ

এই বিভাগের আরও