দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ইমিগ্রেশনে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গণমাধ্যমের মাধ্যমে আমরা ঘটনাটি সম্পর্কে জেনেছি। এটি কোনোভাবেই সুখকর নয়। এ ধরনের ঘটনা ঘটুক, তা আমরা প্রত্যাশা করি না।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ করছে। ঘটনার পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লি পৌঁছান জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা আটকে রাখে।
এ সময় তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। পরে দীর্ঘক্ষণ অপেক্ষা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। দিল্লি থেকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছান উপদেষ্টা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তা-সংক্রান্ত একটি নজরদারি তালিকায় তার নাম থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে বিষয়টি প্রশাসনিক ত্রুটি হিসেবে চিহ্নিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে তখন পর্যন্ত ঘটে যাওয়া পরিস্থিতির কারণে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নেন।
এদিকে ঘটনাটির প্রতিবাদ জানাতে সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ানকুমার বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। বিষয়টি নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কাজ করছি এবং দিনশেষে এ বিষয়ে আরও জানানো হবে।”

