কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাতামুহুরী ইউনিয়নের ডেমুশিয়া এলাকার আবদুর রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারির ছেলে আফজাল সরকার (৪৫)।
আহতদের মধ্যে রয়েছেন পেকুয়ার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২), পাখি বেগম (৫৫) এবং রামিম (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রামমুখী একটি অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, এবিসি আঞ্চলিক মহাসড়কের মৌলভীপাড়া থেকে টইটং বাজার পর্যন্ত অংশে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকায় সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

