ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে।
বুধবার (১৭ জুন) সকালে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর ঘুরে দেখেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ নেন এবং রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেও অপরিচ্ছন্নতা ও রোগীদের ব্যবহৃত বাথরুমের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে নতুন হাসপাতাল স্থাপন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং জনবল নিয়োগের মাধ্যমে সেবার গতি ও মান আরও বাড়ানো হবে।
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় অনিয়মের ঘটনা পাওয়া গেছে। যেসব নিয়োগে অনিয়ম হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরে হাসপাতালের উন্নয়নে কার্যকর কোনো কাজ হয়নি। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ থেকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করছে এবং দায়িত্বশীলতার সঙ্গে সব কার্যক্রম বাস্তবায়ন করছে।
হাসপাতাল পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. এস. এম. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

