রবিবার, ২১ জুন ২০২৬

অনুশীলনে ফিরলেন নেইমার, হাইতির বিপক্ষে খেলার সম্ভাবনা কম

ক্রীড়া প্রতিবেদক:

২০২৬ বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে কিছুটা চাপে রয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেই ম্যাচে ইনজুরির কারণে মাঠে দেখা যায়নি দলের অন্যতম সেরা তারকা নেইমারকে। তবে ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে স্বস্তির খবর—দলে ফিরে অনুশীলন শুরু করেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

- Advertisement -

বুধবার প্রথমবারের মতো ব্রাজিল দলের অনুশীলনে অংশ নেন সান্তোসের এই তারকা ফুটবলার। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যে পায়ে ব্যথার কারণে তিনি মাঠের বাইরে ছিলেন, সেই পায়ের সর্বশেষ পরীক্ষার ফল ইতিবাচক এসেছে এবং আগের তুলনায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

অনুশীলনে যোগ দেওয়ার সময় সতীর্থরা উষ্ণ অভ্যর্থনা জানান নেইমারকে। পুরো সেশনজুড়েই তাকে হাসিখুশি মেজাজে সতীর্থদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। যদিও অনুশীলনে ফিরেছেন, তবুও আসন্ন হাইতির বিপক্ষে ম্যাচে তাকে মাঠে নামানোর সম্ভাবনা খুবই কম।

নেইমারের অনুশীলনে ফেরার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল দলের অফিসিয়াল অ্যাকাউন্ট। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, “আমাকে কি মিস করছিলে?” পোস্টটি প্রকাশের পর ভক্তরা শুভকামনা জানিয়ে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন।

ব্রাজিল দলের মেডিকেল স্টাফ ও কোচিং প্যানেলের মূল লক্ষ্য নেইমারকে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই পুরোপুরি সুস্থ করে তোলা। সে কারণেই গ্রুপ পর্বে তাকে নিয়ে তাড়াহুড়ো না করে দ্বিতীয় রাউন্ড থেকে শতভাগ ফিট অবস্থায় মাঠে নামানোর পরিকল্পনা করছে সেলেসাও শিবির।

সর্বশেষ

এই বিভাগের আরও