ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম কামাল উদ্দীন এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হারুন অর রশীদ।
এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। তার পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি হারুন অর রশীদ এবং বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জামিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুনানিকালে নিহত ইকরার বাবা আদালতে উপস্থিত ছিলেন এবং তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
মামলার বিবরণে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ ইকরা ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন। বাসার মালিক ও স্বজনরা তাকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আলামত সংগ্রহ করে।
ঘটনার দিনই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
এর আগে স্ত্রীর মৃত্যুর সময় বিদেশে অবস্থান করায় যাহের আলভীর আইনজীবী উচ্চ আদালতে আবেদন জানান, দেশে ফেরার পর তাকে যেন গ্রেপ্তার বা হয়রানি না করা হয়। আদালত সেই আবেদনের প্রেক্ষিতে আগাম নির্দেশ দেন, যার পর তিনি দেশে ফেরেন।
এ ঘটনায় আগেই আদালতে আত্মসমর্পণ করে জামিন পান যাহের আলভীর মা নাসরিন সুলতানা।

