রবিবার, ২১ জুন ২০২৬

এখন থেকে সারা দেশে একই প্রশ্নপত্রে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের সব সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর চূড়ান্ত পর্ব উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, “কোনো বোর্ড তুলনামূলক সহজ প্রশ্ন করে, আবার কোনো বোর্ড কঠিন প্রশ্ন করে। এক দেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন প্রশ্নে হওয়া উচিত নয়।”

এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশে ইংরেজি মাধ্যমের ‘ও’ ও ‘এ’ লেভেল পরীক্ষাও একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হওয়ার উদাহরণ তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সেশনজট কমাতে সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

সর্বশেষ

এই বিভাগের আরও