রবিবার, ২১ জুন ২০২৬

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

ক্রীড়া প্রতিবেদক:

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করা প্রথম দল হলো সহ-আয়োজক মেক্সিকো। ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে এল ত্রি।

- Advertisement -

গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে তুলনামূলক এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। তবে একটি বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেয় মেক্সিকো।

ম্যাচের ৫০তম মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউ একটি ক্রস ধরতে বেরিয়ে নিজেরই এক সতীর্থের সঙ্গে ধাক্কা খান। এতে বল তার হাত ফসকে গেলে সুযোগটি লুফে নেন মেক্সিকোর মিডফিল্ডার লুইস রোমো। বক্সের ভেতর থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে দলের জয়সূচক গোলটি করেন তিনি।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। একাধিক আক্রমণ চালালেও মেক্সিকোর রক্ষণভাগ এবং গোলরক্ষক রাউল রাঙ্গেল দুর্দান্ত দৃঢ়তা দেখান। এক পর্যায়ে নিশ্চিত গোলও গোললাইন থেকে রক্ষা করেন রাঙ্গেল।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মেক্সিকো।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল মেক্সিকো। ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই শেষ ৩২ নিশ্চিত করল তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, এখন পর্যন্ত এই বিশ্বকাপে একটিও গোল হজম করেনি মেক্সিকো।

অন্যদিকে, প্রথম ম্যাচে চেকিয়াকে হারিয়ে দারুণ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে হেরে যায় দক্ষিণ কোরিয়া। তবে তাদের নকআউটে ওঠার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি চেকিয়াকে মেক্সিকোর বিপক্ষে জয় পেতে হবে। তবেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ তৈরি হবে কোরিয়ানদের।

সর্বশেষ

এই বিভাগের আরও