লেবাননে ইসরায়েলের নতুন হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের নির্দেশে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
তেহরানের দাবি, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পূর্ববর্তী চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এই পদক্ষেপকে ইরানের পক্ষ থেকে “প্রাথমিক প্রতিক্রিয়া” হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, পরিস্থিতি অব্যাহত থাকলে শত্রুপক্ষকে তাদের বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ওমান ও ইরানের মধ্যবর্তী এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।
বিশ্লেষকদের মতে, এই রুটে চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ সংকট দেখা দিতে পারে এবং তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

