দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুরোপুরি স্থিতিশীল ও সমৃদ্ধির পথে ফিরিয়ে আনতে সরকারের অন্তত দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি একটি বড় চ্যালেঞ্জ। তবে সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী দুই বছরের মধ্যে অর্থনীতি ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীলতায় ফিরবে। তৃতীয় বছর থেকে অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং চতুর্থ ও পঞ্চম বছরে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতিকে সবচেয়ে বড় সংকট উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। গ্যাস অনুসন্ধান শুরু হয়েছে, তবে আমদানি, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাকে কার্যকর করতে অন্তত ১৮ মাস সময় লাগবে।
২০৪১ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য পুনর্ব্যক্ত করে তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও শক্তিশালী ইন্টারনেট ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এই তিন খাতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ করছে।
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমাতে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে একটি বিশেষ ডিজিটাল ড্যাশবোর্ড চালুর ঘোষণা দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এই ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতিটি উন্নয়ন প্রকল্প দৈনিক ভিত্তিতে পর্যবেক্ষণ করা হবে।
এছাড়া ব্যবসা সহজীকরণে টাস্কফোর্স গঠন এবং একটি অনলাইন অভিযোগ ব্যবস্থাও চালুর কথা জানান তিনি। এতে নিয়মকানুন বাস্তবায়নে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের অভিযোগ সরাসরি জানানো যাবে।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও নীতিনির্ধারকরা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

