বুধবার, ২৪ জুন ২০২৬

বজ্রপাতে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা, মাঝপথে স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো বজ্রপাতের কারণে একটি ম্যাচ মাঝপথে স্থগিত করা হয়েছে। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে গ্রুপ ‘আই’-এ ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচ চলাকালে প্রবল বজ্রঝড় ও ঘন ঘন বজ্রপাত দেখা দিলে খেলা বন্ধের সিদ্ধান্ত নেন ম্যাচ কর্মকর্তারা।

- Advertisement -

বজ্রপাতের ঝুঁকির কারণে ফিফার নিরাপত্তা নীতিমালা অনুসরণ করে খেলোয়াড়, কোচ, ম্যাচ অফিসিয়াল এবং গ্যালারিতে থাকা ৬০ হাজারেরও বেশি দর্শককে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

ফিফার আবহাওয়া-সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী, সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অতিবাহিত না হওয়া পর্যন্ত খেলা পুনরায় শুরু করা যাবে না। পরিস্থিতি নিরাপদ কি না, তা নিশ্চিত করতে আবহাওয়া পর্যবেক্ষণ অব্যাহত রাখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফিফার নিয়মে আবহাওয়াজনিত কারণে ম্যাচ স্থগিতের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সর্বোচ্চ সময়সীমা নেই। ফলে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ম্যাচ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা যেতে পারে।

গ্রুপ পর্বের ম্যাচের জন্য আলাদা কোনো রিজার্ভ ডে না থাকায় নির্ধারিত দিনে খেলা শেষ করা সম্ভব না হলে পরবর্তী সিদ্ধান্ত নেবে ফিফা। সেক্ষেত্রে ম্যাচটি যেখানে থেমেছিল, সেখান থেকেই পুনরায় শুরু হবে। গোলসংখ্যা, ম্যাচের সময় এবং খেলোয়াড়দের কার্ডসহ আগের সব রেকর্ড বহাল থাকবে।

এই ঘটনার মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম হলো। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফিফার দ্রুত সিদ্ধান্ত প্রশংসা কুড়িয়েছে ফুটবল অঙ্গনে।

সর্বশেষ

এই বিভাগের আরও