মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না এবং আন্তর্জাতিক আইনের আওতায় এর প্রশাসনিক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

- Advertisement -

মঙ্গলবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা গালিবাফের এ বক্তব্য প্রকাশ করে।

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের প্রথম দফার বৈঠক শেষে দেশে ফেরার পথে গালিবাফ বলেন, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রশাসনের অধীনেই থাকবে এবং এটি আর যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না।

তিনি বলেন, সুইজারল্যান্ড সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি, লেবাননের চলমান পরিস্থিতি, ইরানের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ করা সম্পদ অবমুক্ত করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, আলোচনা কেবল শুরু হয়েছে। স্থায়ী সমাধানে পৌঁছাতে উভয় পক্ষকে আরও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এর আগে সোমবার (২২ জুন) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং লেবাননের সংঘাত প্রশমনে একটি স্থায়ী যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে নীতিগতভাবে সম্মত হয় বলে মধ্যস্থতাকারীরা জানান।

আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, তেহরান জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের পুনরায় কাজ করার অনুমতি দিতে রাজি হয়েছে। এর পরপরই ইরানের তেলের ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়।

চুক্তির অংশ হিসেবে ইরান কিছু অর্থনৈতিক সুবিধা পাবে। একই সঙ্গে দেশটির স্থগিত বা জব্দ থাকা কিছু সম্পদও অবমুক্ত হওয়ার কথা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সুইজারল্যান্ড সফর শেষে গালিবাফ ওমানেও সংক্ষিপ্ত সফর করেন। হরমুজ প্রণালির তীরবর্তী গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি হলো ওমান।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর সময় ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর তা পুনরায় খুলে দেওয়া হলেও, লেবাননে ইসরায়েলি হামলার জেরে গত ২০ জুন আবারও প্রণালি বন্ধের ঘোষণা দেয় তেহরান।

এরপর বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত উত্তেজনা এড়াতে সরাসরি যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে ইরান ও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা জানিয়েছেন।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যমতে, সাম্প্রতিক সমঝোতার পর সোমবার হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল আগের তুলনায় আরও স্বাভাবিক ও দ্রুতগতিতে অব্যাহত রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও