মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বর্ষা শেষে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, শেষ হবে এক বছরের মধ্যে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে এবং নির্বাচন শুরু হওয়ার পর এক বছরের মধ্যে সব ধাপের ভোট সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে কিছু ভুল ব্যাখ্যা (মিসইন্টারপ্রেটেশন) হয়েছে। অনেকেই ধারণা করছেন, আগামী এক বছরের মধ্যেই পুরো নির্বাচন শেষ হবে। তবে বিষয়টি এমন নয়।

তিনি বলেন, নির্বাচন শুরু হওয়ার পর থেকে এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, যদি ২০২৬ সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে নির্বাচন শুরু হয়, তাহলে ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে, অথবা ২০২৭ সালের মধ্যেই সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার চেষ্টা করবে সরকার।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় বিভিন্ন স্তরে বিপুলসংখ্যক প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের সংখ্যা অনেক বেশি হওয়ায় সব নির্বাচন একসঙ্গে আয়োজন সম্ভব নয়। তাই ধাপে ধাপে নির্বাচন সম্পন্ন করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও