রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘মেসি সর্বকালের সেরা’—এই মন্তব্য আমার নয়: রোনালদো নাজারিও

ক্রীড়া প্রতিবেদক

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল মন্তব্যকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন। তিনি বলেছেন, লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের ‘সর্বকালের সেরা’ বলে তিনি কখনোই মন্তব্য করেননি।

- Advertisement -

সম্প্রতি ব্রাজিলের আরেক কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খোলেন রোনালদো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মেসি সর্বকালের সেরা—এই কথার মানে কী?” এরপর হাস্যরসের সুরে জানান, তিনি নিজেও বিষয়টি দেখে বিস্মিত হয়েছিলেন।

রোনালদো বলেন, সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে তারা খোঁজ নেন এই বক্তব্যের উৎস কোথায়। পরে জানা যায়, স্পেনের বার্সেলোনাভিত্তিক পত্রিকা মুন্দো দেপোর্তিভো তার নামে একটি ভুয়া সাক্ষাৎকার প্রকাশ করেছিল, যেখানে বেশ কয়েকটি মনগড়া মন্তব্য যুক্ত করা হয়।

সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল এই বক্তব্যটি—“বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।”

এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও পরে রোনালদোর প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন, তিনি ওই সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকার দেননি এবং প্রচারিত মন্তব্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

তবে রোনালদো যে মেসির প্রশংসা কখনো করেননি, বিষয়টি এমন নয়। এর আগে বিশ্বকাপে মেসির পারফরম্যান্স নিয়ে তিনি বলেছিলেন, “বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসার যোগ্য যদি কেউ থাকেন, তবে মেসিই সেই ব্যক্তি।”

রোনালদোর সাম্প্রতিক বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভাইরাল উদ্ধৃতির সত্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও