রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

এলএনজি আমদানিতে ১৩৫৫ কোটি টাকা ব্যয় করবে সরকার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ১ হাজার ৩৫৫ কোটি টাকা।

- Advertisement -

বুধবার (২৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের আংশিক অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুরভিত্তিক অ্যারামকো ট্রেডিং এবং গানভর সিঙ্গাপুর পৃথকভাবে দুই কার্গো এলএনজি সরবরাহ করবে।

সরকারি তথ্য অনুযায়ী, এবার প্রতিটি কার্গোর গড় মূল্য ৭০০ কোটি টাকার নিচে থাকছে, যা গত দুই মাসে এলএনজি আমদানির গড় ব্যয়ের তুলনায় কিছুটা কম। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে সম্প্রতি প্রতি কার্গোর দাম প্রায় ৮০০ কোটি টাকায় পৌঁছে গিয়েছিল।

এর আগে ১৭ জুন ক্রয় কমিটির সভায় তিন কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। ওই চালানগুলোর জন্য সরকারের ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ১১২ কোটি টাকা। তারও আগে জুন ও মে মাসে অনুমোদিত এলএনজি চালানগুলোর গড় মূল্য ছিল আরও বেশি।

এদিকে, একই সভায় দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন এবং দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া, ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া, ২৫ হাজার টন বাল্ক প্রিল্ড ইউরিয়া, সাড়ে ১২ হাজার টন মসুর ডাল আমদানি, স্থানীয়ভাবে ১০ হাজার টন মসুর ডাল সংগ্রহ এবং মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

সভায় গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ আহরণের পাইলট প্রকল্পের জন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও