বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কুমিল্লায় দুই ট্রেনে বিপত্তি, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পৃথক দুটি ঘটনায় বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল। ‘সোনার বাংলা এক্সপ্রেস’-এর ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেস’-এর চারটি বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

- Advertisement -

বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাসানপুর স্টেশনের কাছে ‘সোনার বাংলা এক্সপ্রেস’-এর ইঞ্জিন বিকল হয়। একই সময়ে গুণবতী এলাকায় ‘মেঘনা এক্সপ্রেস’-এর চারটি বগি লাইনচ্যুত হয়।

লাকসাম জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, এ দুটি ঘটনার কারণে এক ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দুটি লাইনের যেকোনো একটি সচল হলেই ট্রেন চলাচল পুনরায় শুরু করা সম্ভব হবে।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের অদূরে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে লাইনে আটকে পড়ে। পরে ওই ট্রেনের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ‘মেঘনা এক্সপ্রেস’ ডাউন লাইন দিয়ে এগোতে গিয়ে গুণবতী ও হাসানপুরের মধ্যবর্তী এলাকায় চারটি বগি লাইনচ্যুত হয়।

দুই লাইনে ট্রেন আটকে পড়ায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।

রেলওয়ে সূত্র জানিয়েছে, বিকল ইঞ্জিন ও লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে, চট্টগ্রাম থেকে ‘সোনার বাংলা এক্সপ্রেস’-এর জন্য একটি সচল ইঞ্জিন রওনা হয়েছে। পাশাপাশি ‘মেঘনা এক্সপ্রেস’-এর লাইনচ্যুত চারটি বগি আলাদা করে বাকি অংশ লাকসামে নেওয়ার কাজও চলছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার ওমর ফারুক।

সর্বশেষ

এই বিভাগের আরও