রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভারতের ট্যুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু ২৮ জুন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। আগামী রোববার (২৮ জুন) থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে দেশটির হাইকমিশন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি। আগামী ২৮ জুন থেকে আবেদন জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসা সুবিধাও আগের মতো চালু থাকবে।”

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা-র ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা কেন্দ্রেও এ সেবা চালু করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছে পরিচয়পত্র (লেটার অব ক্রিডেন্স) পেশ করেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে তিনি যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম স্থগিত করা হয়। এরপর প্রায় ২১ মাস ধরে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ ছিল। এ সময়ে সীমিত পরিসরে মেডিকেল ও কিছু বিশেষ শ্রেণির ভিসা প্রদান অব্যাহত ছিল।

এর আগে গত ১২ জুন দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি রাষ্ট্রাচার প্রধান এ এফ এম জাহিদ-উল-ইসলাম এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও