রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আশুরায় হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল, শোকের মাতমে মুখর পুরান ঢাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোকাবহ পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিছিলটি শুরু হয়।

মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরিহিত ছিলেন। কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে তারা মাতম করেন এবং ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শোক প্রকাশ করেন। অনেকের হাতে ছিল প্রতীকী তাজিয়া, আলাম, নিশানসহ কারবালার স্মৃতিবিজড়িত বিভিন্ন প্রতীক।

নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষের অংশগ্রহণে সকাল থেকেই হোসেনি দালান এলাকায় শোকের আবহ বিরাজ করে। আবেগঘন পরিবেশে ধর্মীয় শোকগাথা ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হোসেনি দালান ও আশপাশের এলাকায় সোয়াত, র‍্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মিছিলের পুরো পথজুড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপরও রাখা হয়েছে বিশেষ নজরদারি।

প্রতিবছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবার ও সঙ্গীদের শাহাদাতের স্মরণে শিয়া সম্প্রদায় এই ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের আয়োজন করে।

সর্বশেষ

এই বিভাগের আরও