গ্রীষ্মকাল মানেই রসালো পাকা আমের মৌসুম। এই সময় আম দিয়ে তৈরি করা যায় নানা ধরনের সুস্বাদু ডেজার্ট। এর মধ্যে পাকা আমের মালাই কুলফি অন্যতম। অল্প কিছু উপকরণ আর সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই ঘরেই তৈরি করা যাবে মজাদার এই ঠান্ডা খাবার, যা ছোট-বড় সবারই পছন্দের।
যা যা লাগবে
* পাকা আম – ২টি
* ঘন দুধ – ১ কাপ
* গুঁড়া দুধ – ৩-৪ টেবিল চামচ
* দুধের সর – ২ টেবিল চামচ
* চিনি – স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে আমের উপরের অংশ কেটে ভেতরের আঁটি সাবধানে বের করে নিন। এরপর একটি পাত্রে ঘন দুধ, গুঁড়া দুধ, দুধের সর ও চিনি একসঙ্গে মিশিয়ে হালকা আঁচে জ্বাল দিন। মিশ্রণটি কিছুটা ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করুন।
এরপর ঠান্ডা মিশ্রণটি আমের ভেতরে ঢেলে কেটে রাখা অংশটি আবার লাগিয়ে দিন। আমগুলো ফ্রিজারে অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা, ভালো ফলের জন্য সারা রাত রেখে দিন।
পরিবেশনের আগে খোসা ছাড়িয়ে গোল গোল টুকরো করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু, ক্রিমি ও ঠান্ডা পাকা আমের মালাই কুলফি। গরমের দিনে পরিবারের সবাইকে চমকে দিতে এটি হতে পারে দারুণ একটি ঘরোয়া ডেজার্ট।

