শনিবার, ২৭ জুন ২০২৬

জাতীয় স্বার্থে সরকারের পাশে থাকবে বিরোধী দল: শফিকুর রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শনিবার (২৭ জুন) পুনরায় শুরু হয়েছে। অধিবেশনে বক্তব্য দিয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান জাতীয় স্বার্থে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সরকারের প্রতি বিরোধী দলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

- Advertisement -

সকাল ১১টা ২ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্যের একপর্যায়ে সরকারি ও বিরোধী দলের পারস্পরিক সম্মান, সংসদকেন্দ্রিক গণতন্ত্র এবং দেশ গঠনে যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বিরোধীদলীয় নেতা। তার বক্তব্য শেষে সরকারি ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।

ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি যে দুটি দেশ সফর করেছেন, সেগুলো বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে বিরোধী দল সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবে।

দেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ এখনও আমদানিনির্ভর দেশ। তৈরি পোশাক শিল্প ও বৈদেশিক কর্মসংস্থান প্রধান রপ্তানি খাত হলেও রপ্তানি বহুমুখীকরণের যথেষ্ট সুযোগ রয়েছে। এ লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সংসদে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের আস্থা আরও বাড়বে।

তিনি আরও বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং সব আন্তর্জাতিক চুক্তি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া প্রয়োজন।

সংসদের কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদই হওয়া উচিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু। সংসদকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। একই সঙ্গে তিনি সরকারি ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

বক্তব্যের শেষে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সরকারের সফলতা কামনা করেন এবং উত্থাপিত প্রস্তাবের প্রতি সমর্থন জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও