স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদে জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে মন্তব্য করা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই ফতোয়া নেওয়া হবে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাদের চট্টগ্রামে এখন বলা হচ্ছে, ফতোয়ার জন্য আর হাটহাজারী, পটিয়া কিংবা লালবাগে যেতে হবে না। এই সংসদেই যিনি জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলেছেন, তাঁর কাছ থেকেই ফতোয়া নেওয়া হবে।’
তিনি বলেন, ‘আমাদের চট্টগ্রামের আরেক কৃতী সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী। এখন অনেকে তাঁকেই “হাল জামানার মুফতি” বলে উল্লেখ করছেন।’
জামায়াতের এই সংসদ সদস্য বলেন, জামায়াতে ইসলামীকে বুঝতে হলে দলটির প্রায় ১০০ বছরের ইতিহাস জানতে হবে। এটি ইসলামি দল কি না, সে বিষয়ে ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত ৯ জুন সংসদে ইসলামী ব্যাংক প্রসঙ্গে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়। ফখরুল ইসলাম ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়।’
এদিকে শাহজাহান চৌধুরীর বক্তব্যের জবাবে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদিন বলেন, তিনি সংসদকে উত্তপ্ত করতে চান না। তবে বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ১৯৭১ সালে কোথায় ছিলেন, সেটি নিজেরাই বিচার করুন।’
তিনি আরও বলেন, স্বাধীনতার এক দিন আগে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিষয়টি ভুলে গেলে চলবে না। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের যেমন স্মরণ করতে হবে, তেমনি মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগও কখনো ভুলে যাওয়া যাবে না।

