রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘শেখ হাসিনার পরিণতি এড়াতে পারবেন না তারেক রহমান’—মামুনুল হক

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জনগণের ভোটের রায় উপেক্ষা করে ক্ষমতা পরিচালনার চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণতি তারেক রহমানেরও হতে পারে।

- Advertisement -

শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি করেছে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করলে তার রাজনৈতিক পরিণতি ভালো হবে না।

তিনি অভিযোগ করেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে জনগণের ভোটের রায়কে প্রভাবিত করার চেষ্টা করা হলে তারও রাজনৈতিক মূল্য দিতে হবে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবে একমত হয়েছিল, তা পরবর্তীতে নষ্ট করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। তবে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন। তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের অর্জন সম্পর্কে জনগণকে স্পষ্টভাবে জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন। এতে নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও