নকআউট পর্ব আগেই নিশ্চিত হওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। লিওনেল মেসিসহ প্রথম একাদশে নয়টি পরিবর্তন আনলেও খেলায় কোনো প্রভাব পড়েনি। প্রথমার্ধেই জর্ডানের বিপক্ষে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে আর্জেন্টিনা। প্রথমার্ধে ৭৬ শতাংশ সময় বল ছিল আলবিসেলেস্তেদের দখলে। তারা চারটি শট নেয়, যেখানে জর্ডান কোনো শটই নিতে পারেনি।
১৯তম মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন জিওভানি লো সেলসো। সেই ফ্রি-কিক থেকে অসাধারণ বাঁকানো শটে জর্ডানের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না শটটি ঠেকানোর।
চলতি বিশ্বকাপে লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনার অন্য কোনো খেলোয়াড়ের এটিই প্রথম গোল। এর আগে দলের প্রথম দুই ম্যাচে করা পাঁচটি গোলই করেছিলেন মেসি।
এর ১১ মিনিট পর বক্সে ফাউলের ঘটনায় প্রথমে খেলা চালিয়ে দিলেও ভিএআরের সহায়তায় পেনাল্টি দেন রেফারি। স্পট-কিক থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। চলতি আসরে এটিই তার প্রথম গোল।
প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লো সেলসোর ফ্রি-কিক থেকে নিকোলাস ওটামেন্ডির হেড অল্পের জন্য লক্ষভ্রষ্ট হলে আরও একটি গোলের সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার।
দাপুটে ফুটবল খেলেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

