মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সিলেটে নতুন জেলা প্রশাসক, দায়িত্বে মু. রেজা হাসান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পেলেন মু. রেজা হাসান। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

- Advertisement -

এর আগে কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন মু. রেজা হাসান। গত সপ্তাহে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়।

সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনা নিয়ে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। জেলা প্রশাসনের উদ্যোগে মাজারে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি দানের ‘ডেগ’ সিলগালা করা হয়। পাশাপাশি নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হলে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এর কয়েক দিনের মধ্যেই সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। তবে প্রজ্ঞাপনে তার বদলির কারণ উল্লেখ করা হয়নি।

পরে তার বদলির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে সিলেট নগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীদের দাবি ছিল, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

বদলি আদেশের দুই দিন পর সিলেট ত্যাগ করেন সারওয়ার আলম।

এদিকে, সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। তিনি বলেন, বদলির বিষয়টি মাজার-সংক্রান্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়; এটি আগে বা পরেও হতে পারত।

সর্বশেষ

এই বিভাগের আরও